নিবেদন
এই রৌদ্র সময়ে, আমি আমের মুকুলে, খুব ঘ্রাণের দুকূলে,
যদি মিশে যাই মিশে যাই,
কিংবা শহরের এ আঙ্গিনায় মুছে
ভ্রান্তি, ইটের ছায়াতে,
খুব ক্লান্তিতে,
যদি আজ, ডুবে যাই ডুবে যাই,
যদি রোদেলা এক বৃষ্টির মায়াবী
আদর আমায়
হঠাৎ, খুব হারাবার দুটো
ডানা আর একটি দিগন্ত এনে দেয়,
যদি হিংস্র বাতাস আর রাক্ষসী প্যাঁচামুখো
মেঘগুলোর
বেদম অট্টহাসিতে আমিও
খুব হাসতে চাই,
যদি আজ ধোঁয়া, ঘাম, মুদ্রা, আর ব্যস্ততাকে
দিয়ে বিদায়
প্রতিটি সবুজ
পাতায়, রঙ্গে মিশে
ঐ তারাদের সাথে,
হঠাৎ খুব কথা
জাগে, নীরবতা জাগে,
কিংবা একটি মেঘমুক্ত রাতের
আকাশের অজস্র ছায়াপথে,
জ্বলজ্বলে ছেঁড়া
শান্ত আঁধারে সুযোগ মেলে
খালি পায়ে হাঁটবার,
আমায় কি ছুটি দিবে জীবন?
আমায় কি ছুটি দিবে?
বৈশাখ বড় ডাকছে আমায়, ডাকছে।
মনপুরা
এভাবেই,
খুব অচেনা আর খুব আপন, খুব মুগ্ধ
এই রাস্তাটি ছিল খুব একা, কাদাটে আর ঘোলাটে।
তার দুপাশে ছিল বিলীন আকাশ আর অঢেল তামাটে
জলের সুখের সংসার। ছিল বোহেমিয়ান পাগলাটে হাওয়া,
ঘাস, খড়। ছিল জেলে, জ্বাল, শামুক আর মাছ, তাদের কেমন মাটি
মতন মাংস, রঙ, একটি জীবন ছবি। কেমন পরিপাটি
সব। সেক্ষণে, একা ওই ফড়িং আর চিলের মত, নীল ছাওয়া
নীরব এই মনপুরায় ছিলাম আমিও। খুব মুগ্ধ আর খুব অবাক।
খুব মুগ্ধ আর খুব অবাক আর খুব আনমনা।
খুব অচেনা আর খুব আপন, খুব মুগ্ধ
এই রাস্তাটি ছিল খুব একা, কাদাটে আর ঘোলাটে।
তার দুপাশে ছিল বিলীন আকাশ আর অঢেল তামাটে
জলের সুখের সংসার। ছিল বোহেমিয়ান পাগলাটে হাওয়া,
ঘাস, খড়। ছিল জেলে, জ্বাল, শামুক আর মাছ, তাদের কেমন মাটি
মতন মাংস, রঙ, একটি জীবন ছবি। কেমন পরিপাটি
সব। সেক্ষণে, একা ওই ফড়িং আর চিলের মত, নীল ছাওয়া
নীরব এই মনপুরায় ছিলাম আমিও। খুব মুগ্ধ আর খুব অবাক।
খুব মুগ্ধ আর খুব অবাক আর খুব আনমনা।
তবে ঠিক এভাবেই থাক সব, ঠিক এমনি করেই,
চিরকাল, প্রিয় মনপুরা আমার,
খুব... খুব অচেনা আর খুব আপন,
আর খুব মুগ্ধ...
এভাবেই।
চিরকাল, প্রিয় মনপুরা আমার,
খুব... খুব অচেনা আর খুব আপন,
আর খুব মুগ্ধ...
এভাবেই।
এই রোদ
এই রোদ আর এই উত্তাপ
আজ আমাদের খুব কামড়ায়।
ধুলোয় রাস্তায় আমাদের
পায়ের ছাপ,
হারায় রঙ, আর ফোলা ফোলা গরম ফোস্কাগুলো আমাদের
চামড়ায়
কেমন সাদামাটা আল্পনা
আঁকে।
আর এভাবেই খুব নিবিড় মায়ামাখা,
দমবন্ধ, এই ইটের জীবন, ঝুলে থাকে,
ঝুলে থাকে লোকাল বাসে, খুব শ্রান্ত আর
খুব একা।
এই রোদ আর এই উত্তাপ
আজ আমাদের আগুনকে খুব পোড়ায়
হঠাৎ কেমন জাপটে ধরে রাগ, তাপ, পাপ, চাপ
আর, ঠিক বিস্ফোরিত হই
যেন, আমাদের ঘাম
সাদা লাভা হয়ে জড়ায়
আমাদের হাড্ডিসার প্রাণ,
আর ঐ আকাশ, পোকা আর রঙ, ঘাস, পাতা, ক্ষণ,
ওরাও কেমন স্তবির হয়ে শোনে পোড়া এই ধরণীর সেই নিরস গান,
যার শুকনো কঙ্কালে, আজ খুব
জাগ্রত থাকে হিংস্র এক আগুনের আলোড়ন।
সেই গান আর আলোড়নে যখন আমরা বৃষ্টির জন্য
নাচি
তখন আসলে, প্রতিদিনকার মতই,
খুব মায়ামাখা,
দমবন্ধ, কঠিন এই ইটের
জীবন, শুধুই পুড়ে আর ঝুলে থাকে।আর ঝুলে থেকে বাঁচি
আমারাও, বাঁচে পিপাসার্ত মৃত পাখি,
কুকুর, তুচ্ছপ্রাণ, এই রাস্তায়, সেই একা।
তবে এটা খুব ঠিক, এই রোদ আর এই উত্তাপ
আজ আমাদের খুব কামড়ায়, আর কেমন
খায় যেন।
সামিন রহমান
১৮/খ
পশ্চিম নাখালপাড়া,
আল-মদিনা
ভবন (৪ তলা),ঢাকা
১২১৫
No comments:
Post a Comment