ক্রীতদাস হতে চাই
শাহরিক জেগে আছে
ঘুমভেঙে তখনও জাগেনি শহর
কিছুকাক ডাস্টবিনে
কিছু আছে টেলিফোনতারে
দু একটা কুকুর আছে
আর আছি আমি
ঘুমের ট্যাবলেট খেয়ে
তখনও ঘুমিয়ে শহর
যেতে হবে বহুদূর পায়ে হেঁটে
বাসের খরচ বাঁচাতে
শালিক ছানার মতো
ডেকে ডেকে কেঁদে কেঁদে
একাকার আমার ছানারা
বাবা তার কখন ফিরবে বাসায়
আঙুলের ফাঁকে নিয়ে খাদ্যের কণা
জানা নেই সে কথা তাদের
চাকরি কোথাও নেই
কাজ নেই
আমার মতো যতো অকাজের লোক
কাজের সন্ধানে ঘুরে ঘুরে মরে তাই
ক্রীতদাস হতে চাই ক্রীতদাস
কেউ আছো
আমাকে নাও কিনে
দিনে দু টাকা ছ টাকা
অথবা যা আসে মনে
আমাকে তুমি দিও
ঘরে অভুক্ত শিশু
কাপড়ের অভাবে
বউয়ের শরীর দেখে পাড়ার পুরুষ
আমার কেউ নেই
মামা নেই
খালু নেই
শহরের হাটে তাই বসে আছি
নিজেকে বিকোতে
ক্রীতদাস হতে চাই ক্রীতদাস
কেউ আছো – আমাকে নাও কিনে।
রোদ ও জোছনা
হাওয়া নেই
নেই চাঁদের বুকে ধুলিঝড়
তবুও কষ্টগুলো কখনো কখনো
কেঁপে ওঠে ছায়ার মতোন
অথবা নদীর ঢেউয়ের উপর
যেন জন্মান্ধ রোদের নাচন
রোদ আর জোছনা
জোছনা ও রোদ
এরা তো জমজ বোন
এদের তাই মাঝে মাঝে
চিনতে ভুল করে ফেলি।
দিতেপারি, তবে কেন দেবো
জানি
তোমার উঠোনে
ভোরের রোদ
আগের মতো আর
জমায় না গল্প আসর
তোমার নদীটা ভীষণ একা
জলের জন্য সে কেবলই
ছটফট করে
জানি
তোমার ফসলের সবুজে
মাজরা পোকার নির্দয় বিচরণ
তাই
লজ্জার নূপুর খসছে বারবার
আমি তোমাকে গল্পপ্রেমিক
শৈল্পিক রোদ দিতেপারি
দিতেপারি জল
নদীটা রোমান্টিক হতে
যতটুকু প্রয়োজন তার
আর দিতে পারি মাজরা পোকা নিধনের জন্য
পর্যাপ্ত কীটনাশক
নূপুরটাও পরিয়ে দিতে পারি পায়
কিন্তু প্রশ্ন হলো : কেন দেবো
তোমাকে এসব ।
২১.৩.১৪
রাত ১০টা ৩৮ মি:
( আসিফ আলতাফ,
সহকারী অধ্যাপক
আলহাজ্ব সারোয়ার খান অনার্স কলেজ
গ্রাম+পো: - সেনহাটী, উপজেলা-দিঘলিয়া, জেলা
–খুলনা , বাংলাদেশ।
No comments:
Post a Comment