ভালো আছি // মৌ দাশগুপ্তা
ভালো আছি সময়ের সাথে বসন্ত বিলাপে,
ঘাস-পাতা,ফুল-পাখি,কবিতা-গান,প্
ভালো আছি হিসেবী পদক্ষেপে নিজের কক্ষপথে ফিরে,
অনন্যমনে,আত্মসুখে,অধঃপাতে,
ভালো আছি দিনগত অসহায়তাকে উপেক্ষা করে ,
তিন শ' পয়ষট্টি দিনের ফুল্লরার বারোমাস্যার ভ্রান্ত-বিলাসে,
ভালো আছি নীল আকাশে,ধান্যগন্ধী সবুজ মাটিতে,বাতাসের আগমনী সুরে,
নদীর কল্লোলে,শ্রাবনের ধারাপাতে,শীতের নরম রোদে।
ভালো আছি দিন-রাত,সকাল-সন্ধে,দুপুর কি বিকালে,
তোমার উষ্ণ স্মৃতির নিবিড় সান্নিধ্যে, ছয় ঋতুর অশ্লীল উৎসবে।
ভালো আছি অর্থ-বিত্ত-যশের কাঙাল পৃথিবীতে পঞ্চ ম-কারের সাধিকা হয়ে,
তীব্র অসুখে,শুধুমাত্র ভালো থাকার জেদে,
ভালো আছি কামাগ্নির ক্ষুধিত দু হাতে শারিরিক লুণ্ঠনে,
আত্মরতির সুখসজ্জায়,বিলাসে-বৈভবে ।
ভালো আছি শারীরিক ও মানসিক সব রকম রসায়নকে সহন করে,
আর নিজেই নিজেকে ঠকিয়ে,
ভালো আছি তোমার ফেলে যাওয়া টুকরো স্মৃতির জলছবি নিয়ে
আমার আটপৌরে বৈচিত্রহীন জীবনে,
ভালো আছি আমার বানভাসি সংসারে ,
আত্মহননে,আত্মগ্লানিতে,আত্মবিস্
ভালো আছি ঔদ্ধত্যের বৃদ্ধাঙ্গুলি তুলে, তোমাকে ভুলতে চেয়ে,
সব হারানোর যন্ত্রণা বুকে বয়ে।
শ্বাস নেওয়া যদি বেঁচে থাকা হয়,বেঁচে থাকাটাই হয় ভালোবাসা,
তবে জীবনের সব হলাহল অমৃতজ্ঞানে গলঃধরন করে আমি ভালো আছি।

No comments:
Post a Comment